Search News BD

জৈন্তাপুরে বাড়ি থেকে ভারত ফেরত ১৩ জনসহ আটক ১৪

সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি বাড়ি থেকে ভারত ফেরত ১৩ জন নারী-পুরুষ ও মানবপাচারের অভিযোগে এক দালালকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার নিজপাট ইউনিয়নের উজানী নগর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে উজানী নগর গ্রামের আব্দুল করিমের তিনতলা বাড়িতে সন্দেহজনক অবস্থায় কয়েকজনের অবস্থানের খবর পেয়ে স্থানীয় লোকজন অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে। পরে খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।আটকদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ, পিরোজপুর, খুলনা, ঢাকা, সাতক্ষীরা, নোয়াখালী ও যশোর জেলার বাসিন্দা ১৩ জন নারী-পুরুষ ও এক শিশু। তাদের মধ্যে নয়জন নারী রয়েছেন। এ সময় জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর গ্রামের সাহেব মিয়ার ছেলে মো. হানিফ মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকেও আটক করা হয়।পুলিশের দাবি, তিনি মানবপাচারের সঙ্গে জড়িত এবং ভারত থেকে তাদের দেশে ফিরিয়ে আনেন।জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য সিলেটকে জানান, “আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরে ওই বাড়িতে অবস্থান করছিলেন। পরে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (১৮ মে) তাদের আদালতে পাঠানো হবে।”

জৈন্তাপুরে বাড়ি থেকে ভারত ফেরত ১৩ জনসহ আটক ১৪