উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
নিজস্ব প্রতিবেদকঃ জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত ঔষধ নিশ্চিতকরণ এবং ভেজাল, নকল ও নিম্নমানের ঔষধের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাওয়া সামাজিক সংগঠন ‘নিরাপদ ঔষধ চাই’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ জহিরুল ইসলাম-কে মনোনীত ও অনুমোদন প্রদান করা হয়েছে।একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে বরিশাল বিভাগজুড়ে আরও সুসংগঠিত, গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে তাঁকে বরিশাল বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদনক্রমে তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে বিভাগীয় কমিটি, প্রতিটি জেলার জেলা কমিটি এবং প্রতিটি উপজেলার উপজেলা কমিটি গঠন করা হবে। পাশাপাশি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য দক্ষ, সৎ ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব নির্বাচন এবং সাংগঠনিক কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্বও তাঁর ওপর ন্যস্ত করা হয়েছে।এছাড়া তিনি বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় জনসচেতনতামূলক কর্মসূচি, সদস্য সংগ্রহ কার্যক্রম, সাংগঠনিক সভা, প্রশিক্ষণ, সমন্বয় সভা এবং নিরাপদ ঔষধ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করার বিভিন্ন উদ্যোগ গ্রহণে নেতৃত্ব প্রদান করবেন। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করাও তাঁর অন্যতম দায়িত্ব হবে।সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের প্রতিটি বিভাগে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার অংশ হিসেবে অভিজ্ঞ, সৎ ও কর্মঠ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হচ্ছে। মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও জনকল্যাণে কাজ করার মানসিকতা বরিশাল বিভাগে সংগঠনের কার্যক্রমকে নতুন মাত্রা দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “নিরাপদ ঔষধ চাই’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া এবং একই সঙ্গে বরিশাল বিভাগের প্রধান সমন্বয়কের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করায় আমি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বরিশাল বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় একটি শক্তিশালী, কার্যকর ও জনসম্পৃক্ত সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করব।”তিনি আরও বলেন, নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী ঔষধ নিশ্চিত করতে এবং ভেজাল ও নকল ঔষধের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে বরিশাল বিভাগের সর্বস্তরের সচেতন নাগরিক, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, তরুণ সমাজ ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেন। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং সকল নেতৃবৃন্দ মোহাম্মদ জহিরুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বরিশাল বিভাগের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একটি শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক গড়ে উঠবে এবং নিরাপদ ঔষধ চাই-এর জনস্বার্থমূলক কার্যক্রম আরও বেগবান হবে।