উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্য সিলেট প্রতিবেদক ||
সিলেট বিভাগে ঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি। রবিবার (১৭ মে) সন্ধ্যায় দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে অনুষ্ঠিত ফেডারেশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে একইদিন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে শ্রমিক নেতাদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হলে কর্মবিরতির কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেন শ্রমিক নেতারা।জানা যায়, গত ২৭ এপ্রিল কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে আহত দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ কয়েকজন শ্রমিক নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়।পরিবহন শ্রমিক নেতারা মামলাটিকে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে গত ১৪ মে এক জরুরি সভা থেকে ১৯ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে পরবর্তীতে পুলিশ কমিশনারের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকের পর কর্মসূচি স্থগিত করা হয়।এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন দ্য সিলেটকে বলেন, পুলিশ কমিশনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ নেতাদের মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়া গেলে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না বলেও জানানো হয়েছে। এর প্রেক্ষিতে আগামী ৬ জুন পর্যন্ত কর্মবিরতি স্থগিত করা হয়েছে।সভায় বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।